লাল শাড়ী
লেখকঃ সীমান্ত সরকার আমরা দু’জন ভালোবেসে বিয়ে করেছিলাম। সেই ভালোবাসা ছিলো সরল, কাঁচা, কিন্তু নিখাদ। আমাদের এই সিদ্ধান্তে দুই পরিবারের কেউই খুশি ছিল না। আশীর্বাদের বদলে আমরা পেয়েছিলাম দীর্ঘশ্বাস, অভিমান আর নীরব দূরত্ব। অল্প বয়সে সংসারের দায় কাঁধে তুলে নিয়েছিলাম। তখনও জীবনের হিসাব কষতে শিখিনি, ভবিষ্যতের অঙ্ক মিলাতে পারিনি। হাতে কোনো স্থায়ী রোজগার ছিল না, ছিল না নিশ্চিন্ত আশ্রয়ের নিশ্চয়তা। তবুও সাহস ছিল কারণ আমরা একে অপরকে পেয়েছিলাম। সংসারের শুরুর দিনগুলো ছিল টানাপোড়েনের। অভাব ছিল নিত্যসঙ্গী, অনিশ্চয়তা ছিল প্রতিদিনের ছায়া। অনেক রাত কেটেছে হিসাব মিলাতে মিলাতে কিভাবে মাসটা পার হবে, কিভাবে ভাড়া দেওয়া হবে, কিভাবে চাল-ডাল জুটবে। কেউ এগিয়ে আসেনি সাহায্যের হাত বাড়িয়ে। আর আমরা-ও কারো কাছে হাত পাতিনি। হয়তো ছিল একরাশ অহংকার, হয়তো ছিল ভালোবাসার জেদ যা-ই হোক, আমরা আমাদের কষ্ট নিজেদের মাঝেই বয়ে নিয়েছি। ভাগ্যের চাকা একসময় ধীরে ধীরে ঘুরতে শুরু করল। বহু প্রতীক্ষার পর একটি ভালো চাকরি হলো আমার। সংসারের অভাব কিছুটা হলেও ঘুচল। ঘরে আবার স্বস্তির বাতাস ঢুকতে লাগল। মনে হলো এবার বুঝি জীবন এক...